মূল কনটেন্টে যান
NShamimPRO Marketing through AI: ইতিহাস শুরু এখানেই

Google Search Console কী? সেটআপ থেকে রিপোর্ট পড়া পর্যন্ত

Google Search Console কী? সেটআপ থেকে রিপোর্ট পড়া পর্যন্ত
এই লেখায় যা আছে (১৮)
  1. Search Console দিয়ে কী জানা যায়, আর কী যায় না?
  2. Domain না URL-prefix: কোন প্রপার্টি বেছে নেবেন?
  3. ধাপে ধাপে সেটআপ
  4. ১. প্রপার্টি যোগ করুন
  5. ২. DNS এ TXT রেকর্ড দিয়ে ভেরিফাই করুন
  6. ৩. সাইটম্যাপ জমা দিন
  7. Impressions, Clicks, CTR আর Position মানে কী?
  8. উদাহরণ: Performance রিপোর্ট থেকে সিদ্ধান্ত নেওয়া
  9. Pages রিপোর্ট আর URL Inspection কীভাবে ব্যবহার করবেন?
  10. মাসে একবার কী দেখবেন?
  11. সাধারণ ভুলগুলো
  12. এরপর কী করবেন
  13. সচরাচর জিজ্ঞাসা
  14. Search Console এ ডেটা আসতে কত দিন লাগে?
  15. Search Console কতদিনের পুরনো ডেটা রাখে?
  16. Search Console এর ক্লিক আর Google Analytics এর ভিজিট মেলে না কেন?
  17. একটা Google অ্যাকাউন্টে কি কয়েকটা সাইট যোগ করা যায়?
  18. তথ্যসূত্র

সংক্ষেপে: Google Search Console হলো Google এর ফ্রি টুল, যা দেখায় আপনার সাইট Google সার্চে কতবার দেখা যাচ্ছে, কোন সার্চ থেকে ক্লিক আসছে, কোন পেজ ইনডেক্স হয়নি এবং কেন। সেটআপ করতে search.google.com/search-console এ প্রপার্টি যোগ করে মালিকানা ভেরিফাই করুন, Sitemaps রিপোর্টে সাইটম্যাপ জমা দিন, তারপর মাসে অন্তত একবার Performance আর Pages রিপোর্ট দেখুন।

Search Console দিয়ে কী জানা যায়, আর কী যায় না?

Search Console (সংক্ষেপে GSC) সাইটে আসার আগের ঘটনা দেখায়: Google এ আপনার পেজ কোথায়, কতবার দেখাল, কে ক্লিক করল। সাইটে আসার পরের আচরণ দেখায় Google Analytics (GA4)। দুটো আলাদা কাজের টুল:

প্রশ্ন Search Console Google Analytics
কোন সার্চ কিওয়ার্ডে সাইট দেখায়? হ্যাঁ, Queries তালিকায় নিজে থেকে না
কোন পেজ ইনডেক্স হয়নি, কেন? হ্যাঁ, Pages রিপোর্টে না
ভিজিটর কতক্ষণ ছিল, কী কিনল? না হ্যাঁ
ফেসবুক বা ইমেইল থেকে আসা ট্রাফিক? না, শুধু Google সার্চ হ্যাঁ
খরচ ফ্রি ফ্রি

Domain না URL-prefix: কোন প্রপার্টি বেছে নেবেন?

প্রপার্টি হলো Search Console এ আপনার সাইটের যে অংশের ডেটা দেখবেন। Google এর Add a website property হেল্প পেজ অনুযায়ী দুই ধরন আছে:

দিক Domain প্রপার্টি URL-prefix প্রপার্টি
কী কভার করে পুরো ডোমেইন: www সহ ও ছাড়া, সব সাবডোমেইন, http ও https শুধু ঠিক যে প্রিফিক্স দিয়েছেন, যেমন https://www.example.com/
ভেরিফিকেশন শুধু DNS রেকর্ড দিয়ে HTML ফাইল, meta ট্যাগ, Google Analytics, DNS সহ কয়েকটি উপায়
কার জন্য ভালো যার DNS এ অ্যাক্সেস আছে DNS এ অ্যাক্সেস নেই, বা শুধু একটা অংশ দেখতে চান

DNS এ অ্যাক্সেস থাকলে Domain প্রপার্টি নিন, কারণ www আর non-www এর ডেটা আলাদা হয়ে হারিয়ে যাওয়ার ভয় থাকে না।

ধাপে ধাপে সেটআপ

১. প্রপার্টি যোগ করুন

Google অ্যাকাউন্ট দিয়ে search.google.com/search-console খুলুন। বাঁ দিকের প্রপার্টি তালিকা থেকে Add property চাপুন, Domain বক্সে শুধু ডোমেইন লিখুন (যেমন example.com, কোনো https বা স্ল্যাশ ছাড়া)।

২. DNS এ TXT রেকর্ড দিয়ে ভেরিফাই করুন

Google একটা লম্বা TXT রেকর্ড দেবে, যা google-site-verification= দিয়ে শুরু। আপনার DNS যেখানে (Cloudflare, Namecheap, হোস্টিংয়ের cPanel) সেখানে নতুন TXT রেকর্ড যোগ করুন: Name ঘরে @ (বা ডোমেইন), Value ঘরে Google এর দেওয়া পুরো লেখাটা। তারপর Search Console এ Verify চাপুন। DNS আপডেট হতে কিছু সময় লাগতে পারে, প্রথমবারে না হলে পরে আবার চেষ্টা করুন। ভেরিফাই হয়ে গেলেও TXT রেকর্ডটা মুছবেন না।

DNS এ অ্যাক্সেস না থাকলে URL-prefix প্রপার্টি নিন আর HTML tag পদ্ধতি বেছে নিন। WordPress এ Rank Math বা Yoast এর মতো SEO প্লাগইনে সাধারণত Google verification code বসানোর জায়গা থাকে।

৩. সাইটম্যাপ জমা দিন

সাইটম্যাপ হলো সাইটের গুরুত্বপূর্ণ URL এর একটা তালিকা, যা Google কে নতুন পেজ খুঁজে পেতে সাহায্য করে। WordPress নিজে /wp-sitemap.xml বানায়; Yoast বা Rank Math চালু থাকলে সাধারণত /sitemap_index.xml। আগে ব্রাউজারে ঠিকানাটা খুলে দেখুন সাইটম্যাপ লোড হয় কি না। তারপর Search Console এর Indexing > Sitemaps এ গিয়ে Add a new sitemap বক্সে ঠিকানাটা দিয়ে Submit চাপুন।

Status এ “Success” মানে Google ফাইলটা পড়তে পেরেছে। “Couldn’t fetch” মানে ফাইলটাই আনা যায়নি, আর “Has errors” মানে ফাইল এসেছে কিন্তু ভেতরে ভুল আছে। মনে রাখবেন, সাইটম্যাপ জমা দিলেই সব URL ক্রল বা ইনডেক্স হবে, এমন নিশ্চয়তা নেই।

ভেরিফিকেশনের পর ডেটা আসতে কয়েক দিন লাগে, তাই প্রথম দিন রিপোর্ট খালি দেখলে চিন্তার কারণ নেই।

Impressions, Clicks, CTR আর Position মানে কী?

Performance > Search results রিপোর্টে চারটি মূল সংখ্যা থাকে। Google এর মেট্রিক সংজ্ঞা অনুযায়ী:

  • Impressions: কতবার কেউ Google এর রেজাল্টে আপনার সাইটের লিংক দেখেছে। সাধারণ রেজাল্টে পেজ পর্যন্ত স্ক্রল না করলেও গোনা হয়; তবে ক্যারোসেল বা খোলা-বন্ধ হওয়া অংশে আইটেমটা দেখা বা খোলা লাগে।
  • Clicks: কতবার কেউ Google থেকে ক্লিক করে আপনার সাইটে এসেছে।
  • CTR: ক্লিক ÷ ইমপ্রেশন। ১,০০০ ইমপ্রেশনে ২০ ক্লিক মানে CTR ২%।
  • Average position: প্রতিটি সার্চে আপনার সাইটের সবচেয়ে উপরের লিংকের পজিশন, সব সার্চ মিলিয়ে গড়। পজিশন ১ মানে সবার উপরে, তাই সংখ্যা যত ছোট তত ভালো।

কয়েকটা সীমাবদ্ধতা জেনে রাখুন। ডেটা সাধারণত ২ থেকে ৩ দিন দেরিতে আসে। টেবিলে সর্বোচ্চ ১,০০০টি সারি দেখায়, আর গোপনীয়তার কারণে খুব কম সার্চ হওয়া কিছু কিওয়ার্ড দেখায় না, তাই চার্টের মোট সংখ্যা টেবিলের যোগফলের চেয়ে বেশি হতে পারে। Search Console সর্বোচ্চ শেষ ১৬ মাসের ডেটা রাখে, তাই পুরনো ডেটা দরকার হলে মাঝে মাঝে Export করে রাখুন।

উদাহরণ: Performance রিপোর্ট থেকে সিদ্ধান্ত নেওয়া

নিচের সংখ্যাগুলো বোঝানোর জন্য বানানো, কোনো বাস্তব সাইটের ডেটা নয়। শেষ ৩ মাসের Queries ট্যাব থেকে চারটি সারি:

Query Impressions Clicks CTR Position সিদ্ধান্ত
ছাদে টমেটো চাষ ৮,২০০ ৪৯ ০.৬% ৯.৪ প্রথম পাতায় আছে কিন্তু ক্লিক কম: টাইটেল আর ডেসক্রিপশন আবার লিখুন
টমেটো গাছে কোন সার দেব ৩,১০০ ১২ ০.৪% ১৬.২ দ্বিতীয় পাতায়: লেখায় এই প্রশ্নের আলাদা অংশ যোগ করুন
টবে টমেটোর পাতা হলুদ ৯০০ ৬৩ ৭.০% ৩.১ ভালো চলছে: এই বিষয়ে আলাদা বিস্তারিত পোস্ট ভাবুন
টমেটো বীজ কোথায় পাব ৪০০ ০ ০% ৪১.০ ইন্টেন্ট মেলে না: আপাতত বাদ

Queries ট্যাবের পাশে Pages ট্যাবে গিয়ে একটা পেজে ক্লিক করলে শুধু সেই পেজের কিওয়ার্ড দেখা যায়। পুরনো পোস্ট আপডেটের আগে এটাই সবচেয়ে কাজের তালিকা।

প্রশ্নভিত্তিক সার্চ আলাদা করতে + Add filter থেকে Queries নিয়ে Custom (regex) বেছে কী|কীভাবে|কেন|কত লিখতে পারেন। Search Console এর regex (RE2 সিনট্যাক্স) ডিফল্টভাবে বড়-ছোট হাতের অক্ষর আলাদা ধরে না, আর কিওয়ার্ডের যেকোনো অংশে মিল খোঁজে।

Pages রিপোর্ট আর URL Inspection কীভাবে ব্যবহার করবেন?

Indexing > Pages রিপোর্ট দেখায় কতগুলো পেজ ইনডেক্সড আর কতগুলো নয়। নিচের “Why pages aren’t indexed” টেবিলে প্রতিটি কারণে ক্লিক করলে কোন URL গুলো আটকে আছে দেখা যায়। প্রথমেই জেনে রাখুন, Google নিজেই বলে সাইটের সব URL ইনডেক্স হবে এমন আশা করবেন না। ট্যাগ পেজ, রিডাইরেক্ট বা ডুপ্লিকেট URL বাদ পড়া স্বাভাবিক। চিন্তার বিষয় হলো আপনার গুরুত্বপূর্ণ পোস্ট বাদ পড়া।

কারণ সহজ মানে
Discovered – currently not indexed Google URL টা জানে, কিন্তু এখনো ক্রল করেনি
Crawled – currently not indexed ক্রল করেছে, কিন্তু এখন ইনডেক্সে রাখেনি; পরে রাখতেও পারে, নাও পারে
URL marked ‘noindex’ পেজেই বলা আছে ইনডেক্স না করতে
Page with redirect URL টা অন্য URL এ রিডাইরেক্ট হয়, সাধারণত সমস্যা নয়
Not found (404) পেজটা নেই

একটা নির্দিষ্ট পেজ যাচাই করতে Search Console এর সবচেয়ে উপরের সার্চ বারে পুরো URL দিন। এটাই URL Inspection। Test live URL দিয়ে দেখুন এই মুহূর্তে পেজটা ইনডেক্সযোগ্য কি না, তারপর Request indexing দিন। প্রতিটি প্রপার্টির জন্য দৈনিক সীমা আছে, আর বারবার চাপলে দ্রুত হয় না। কারণ ধরে ধরে সমাধান আছে Google এ পোস্ট ইনডেক্স না হওয়ার কারণ ও সমাধান লেখায়।

মাসে একবার কী দেখবেন?

Google এর গাইডও বলে প্রতিদিন Search Console খোলার দরকার নেই; মাসে একবার আর সাইটে বড় পরিবর্তনের পর দেখলেই চলে। জরুরি সমস্যা হলে Google ইমেইলে জানায়। মাসিক রুটিন:

  1. Performance এ গত ২৮ দিনের সাথে আগের সময়ের তুলনা (Date > Compare): ক্লিক আর ইমপ্রেশন কোথায় বেড়েছে বা কমেছে।
  2. যে পেজগুলোর পজিশন ৮ থেকে ২০ এর মধ্যে, সেগুলোর তালিকা: এদের আপডেট করলে সবচেয়ে দ্রুত ফল আসার সম্ভাবনা।
  3. Indexing > Pages এ নতুন কোনো কারণে ইনডেক্সড না হওয়া পেজ বেড়েছে কি না।
  4. Sitemaps এর Status এখনো Success কি না।
  5. Security & Manual Actions এ কোনো বার্তা আছে কি না।

নতুন পোস্টের ফল কত দিনে আশা করবেন, তা নিয়ে আছে SEO করলে কত দিনে রেজাল্ট পাওয়া যায়।

সাধারণ ভুলগুলো

  • শুধু https://www বা শুধু non-www এর URL-prefix প্রপার্টি নিয়ে বাকি অংশের ডেটা না দেখা।
  • Average position কে একটা কিওয়ার্ডের নির্দিষ্ট র‍্যাঙ্ক ভাবা। এটা সব সার্চের গড়, লোকেশন ও ডিভাইসভেদে আসল পজিশন আলাদা হয়।
  • ভেরিফিকেশনের পর DNS রেকর্ড বা প্লাগইনের কোড মুছে ফেলা, যাতে পরে অ্যাক্সেস হারিয়ে যায়।
  • Search Console এর ক্লিক আর Analytics এর ভিজিট হুবহু মিলবে আশা করা। দুটো আলাদা জিনিস আলাদা পদ্ধতিতে মাপে।

এরপর কী করবেন

  1. আজই Domain প্রপার্টি যোগ করে DNS দিয়ে ভেরিফাই করুন আর সাইটম্যাপ জমা দিন।
  2. এক সপ্তাহ পর Pages রিপোর্টে দেখুন আপনার মূল পোস্টগুলো ইনডেক্সড কি না।
  3. এক মাস পর উপরের উদাহরণ টেবিলের মতো নিজের ১০টি কিওয়ার্ডের সিদ্ধান্ত লিখুন, আর সেই পোস্টগুলোতে অন-পেজ SEO চেকলিস্ট চালান।
  4. Search Console এর ক্রলেবিলিটি সমস্যা ভিডিওতে ধরে ধরে দেখতে চাইলে টেকনিক্যাল SEO কোর্সে “GSC-তে ক্রলেবিলিটি সমস্যা” নামে আলাদা লেসন আছে। আর ক্লাসে AI দিয়ে Search Console এর জন্য regex লেখার কৌশল দেখাই AI SEO ও LLM মাস্টারক্লাসে।

সচরাচর জিজ্ঞাসা

Search Console এ ডেটা আসতে কত দিন লাগে?

ভেরিফিকেশনের পর প্রথম ডেটা আসতে কয়েক দিন লাগে। এরপর নিয়মিত ডেটা সাধারণত ২ থেকে ৩ দিন দেরিতে আসে, আর একদম নতুন ডেটা প্রাথমিক হিসেবে দেখায় যা পরে কিছুটা বদলাতে পারে।

Search Console কতদিনের পুরনো ডেটা রাখে?

Performance রিপোর্টে সর্বোচ্চ শেষ ১৬ মাসের ডেটা দেখা যায়। এর চেয়ে পুরনো তুলনা দরকার হলে নিয়মিত Export করে Google Sheet এ রেখে দিন।

Search Console এর ক্লিক আর Google Analytics এর ভিজিট মেলে না কেন?

Search Console Google সার্চ রেজাল্টে ক্লিক গোনে, আর Analytics সাইটে পৌঁছানো ভিজিট গোনে যা কুকি সম্মতি, অ্যাড ব্লকার বা পেজ পুরো লোড না হওয়ায় বাদ পড়তে পারে। তাই কিছু পার্থক্য স্বাভাবিক।

একটা Google অ্যাকাউন্টে কি কয়েকটা সাইট যোগ করা যায়?

হ্যাঁ, একই অ্যাকাউন্টে আলাদা আলাদা প্রপার্টি হিসেবে একাধিক সাইট যোগ করা যায়। Settings > Users and permissions থেকে অন্য কাউকেও অ্যাক্সেস দেওয়া যায়, যেমন ক্লায়েন্টের সাইটে কাজ করার সময়।

তথ্যসূত্র

বিষয়: SEO Audit